মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সুপ্রিম কোর্টের রায় অমান্য করে আমদানি শুল্ক ১৫% করলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় অমান্য করে আমদানি পণ্যের ওপর আরোপিত ১০ শতাংশ শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম -এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৩ অপরাহ্ণ 

সুপ্রিম কোর্টের রায় অমান্য করে আমদানি শুল্ক ১৫% করলেন ট্রাম্প
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ট্রাম্পের শুল্কনীতি বাতিল করার একদিন পরই নতুন এ সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, আদালত পূর্বের শুল্ক বাতিল করায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ হারে নতুন শুল্ক আরোপ করা হবে। তবে শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি জানান, সেই হার বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে।

পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিচ্ছি যে, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আমাদের আরোপ করা ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। অনেক দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল এবং এর কোনো বিচারও হচ্ছিল না (যতক্ষণ না আমি ক্ষমতায় এসেছি!)। এখন থেকে আইন মেনেই তাদের ওপর এই বাড়তি কর কার্যকর হবে।”

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, এই ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন, শুল্ককে স্থায়ী ও আইনি বৈধতা দিতে তার প্রশাসন কাজ করবে।

মার্কিন সুপ্রিম কোর্টের অভিমত ছিল, ট্রাম্প তার নির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং শুল্ক আরোপের আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল।

শনিবার আদালত একতরফাভাবে আরোপিত জরুরি শুল্ককে অবৈধ ঘোষণা করে। তবে রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশসহ বিশ্বের সব দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প এবং পরে সেটি বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করেন।