শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

পবিত্র রমজান মুনাফার মাস নয়: ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান


দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ব্যবসায়ীদের প্রতি রমজানকে অতিরিক্ত মুনাফা অর্জনের মাসে পরিণত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার ওপর জোর দেন।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ 

পবিত্র রমজান মুনাফার মাস নয়: ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। ভাষণের শুরুতেই তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

প্রধানমন্ত্রী বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধির প্রকৃত মর্মার্থ অনুধাবন করা গেলে এ মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। তবে দুঃখজনকভাবে অনেকের মধ্যে রমজানকে কেন্দ্র করে অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা লক্ষ করা যায়।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এ মাসটিকে ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে গণ্য করবেন না।” দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

সরকারের অঙ্গীকার তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে গঠিত নতুন সরকার রাষ্ট্র ও সরকারের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান- ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের সকল নাগরিকের জন্য বাংলাদেশ একটি নিরাপদ ভূমি হিসেবে গড়ে তুলতে চায় সরকার। একটি স্বনির্ভর, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের অঙ্গীকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র, মাঝারি ও বড়- সব ধরনের ব্যবসায়ীর স্বার্থ এবং ক্রেতাদের স্বার্থ সমন্বয় করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের যেকোনো পরামর্শ বা অভিযোগ সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে।

রমজান মাসে রোজাদারদের সুবিধার্থে ইফতার, তারাবিহ ও সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া অপচয় রোধ ও কৃচ্ছ্রসাধনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিনা প্রয়োজনে বা অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ ও পানি ব্যবহার থেকে বিরত থাকা ইবাদতের অংশ। সচেতনতা ও সংযমের মাধ্যমেই রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন সম্ভব।