শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালো টাকা ও অবৈধ অর্থ লেনদেন রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে ভোটের আগে ও ভোটের দিন এমএফএস এবং ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে কঠোর সীমা আরোপ করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ 

ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ও অবৈধ অর্থের ব্যবহার ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন রাত পর্যন্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংক ও এমএফএস প্রোভাইডারকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, রোববার দিবাগত রাত থেকে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ব্যক্তিক হিসাবের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠাতে পারবেন। এভাবে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা।

তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী স্বাভাবিক লেনদেন অব্যাহত থাকবে। বর্ণিত সময়ের মধ্যে অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এ সময়ে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি (আইবিএফটি) লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে।

নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ, নিষ্পত্তি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। পাশাপাশি সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে। সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পাশ্ববর্তী থানায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়সীমা শেষ হলে স্বাভাবিক লেনদেন ব্যবস্থা পুনর্বহাল করা হবে।

উল্লেখ্য, বিদ্যমান নিয়ম অনুযায়ী একটি এমএফএস হিসাব থেকে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা পাঠানো যায়। একটি হিসাবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জমা রাখা যায় এবং দিনে একাধিকবার লেনদেনের সুযোগ রয়েছে। এছাড়া এজেন্ট পয়েন্ট থেকে দৈনিক ৩০ হাজার এবং মাসে দুই লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যায়।