শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও চলবে মেট্রোরেল


জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও এ সময় ঢাকা মেট্রোরেল স্বাভাবিকভাবেই চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

৫ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩১ অপরাহ্ণ 

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও চলবে মেট্রোরেল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও এ সময় মেট্রোরেল চলাচলে কোনো নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক একেএম খায়রুল আলম জানান, নির্বাচন উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতে ঢাকাবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং ভোট প্রয়োগ সহজ করতে স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। এ ক্ষেত্রে মেট্রোরেল পরিচালনায় কোনো ধরনের বিধিনিষেধ নেই। তবে যেসব মেট্রোরেল স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া অন্যান্য সব গেট খোলা থাকবে।

নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এর আগে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে গত ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরি প্রয়োজন এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধ শিথিল করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। (সূত্র: বিবিসি বাংলা)