শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সিসিডিবি এনজিও সংস্থার উদ্যোগ: ঈশ্বরদীতে কম্বল পেয়ে খুশি শীতার্ত শতাধিক মানুষ


দফায় দফায় শৈত্যপ্রবাহে যখন ঈশ্বরদীর জনপদে তীব্র শীতের কামড়ে বিপর্যস্ত হতদরিদ্র মানুষের জীবন, তখন সিসিডিবি মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (এমএফপি)-এর মানবিক উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন কম্বল। দীর্ঘদিন পর একটি কম্বল পেয়ে শীত নিবারণের স্বস্তির পাশাপাশি কৃতজ্ঞতা ও আনন্দের অনুভূতি প্রকাশ করেছেন উপকারভোগীরা।

১৩ জানুয়ারী ২০২৬, ৮:২২ অপরাহ্ণ 

সিসিডিবি এনজিও সংস্থার উদ্যোগ: ঈশ্বরদীতে কম্বল পেয়ে খুশি শীতার্ত শতাধিক মানুষ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

"কদিন ধরে খুব জাড়(ঠান্ডা) লাগে। রোদ নাই, খুব শীতে খ্যাতা গায়ে দিয়ে শীত যায়না। বহুদিন পর সিসিডিবির থেইক্যা একখান কম্বল পাইছি। খুব আনন্দ লাগতিছে, রাতে আরাম কইরে নতুন কম্বল গায়ে দিয়ে ঘুমাসতি পারবো"।

সিসিডিবি মাইক্রোফাইন্যান্স কর্মসূচি(এমএফপি) নামে একটি এনজিও সংস্থার মানবিক উদ্যোগে প্রদান করা কম্বল পেয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ৮০ বছরের বৃদ্ধা মোছাঃ আমেনা খাতুন। সে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাজার এলাকার বাসিন্দা এবং সিসিডিবি এনজিও সংস্থার একজন পুরাতন গ্রাহক। দারিদ্র্যতার রোষানলে ক্রয় করার সামর্থ্য ছিলনা একটি কম্বল কিনে শীত নিবারনের। তাই নতুন একটি কম্বল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করছিলেন এ প্রতিবেদকের কাছে।

মঙ্গলবার(১৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নে সিসিডিবি মাইক্রোফাইন্যান্স কর্মসূচি(এমএফপি) 
মুলাডুলি শাখার উদ্যোগে শতাধিক হতদরিদ্র গ্রাহক ও দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন কম্বল। শুধু তাই নয় প্রতিষ্ঠার ৫৩ বছর ধরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা সহ নানারকম মানবিক কর্মকান্ডে জড়িত রয়েছে এ এনজিও সংস্থাটি।

এনজিওটির আরেকজন দরিদ্র গ্রাহক সুলতানা পারভিন বলেন, কয়েকদিন ধরে শীত বেশি। কিন্তু কম্বল বা লেপ না থাকায় শীত নিবারনে কষ্ট হয়। হটাৎ করে সিসিডিবি থেকে কম্বল দেওয়ার জন্য ডাক দেয়, নতুন কম্বল পেয়ে খুব উপকৃত হলাম।

রাহেলা খাতুন নামে এরেকজন বৃদ্ধা বলেন, শুধু কম্বল নয় এর আগেও অনেকরকম সহযোগিতা পেয়েছি সিসিডিবি থেকে। আমরা চাই এই এনজিওটি যেন এমন মানবিক আরো কাজ করতে পারে। আজ নতুন কম্বল পেয়ে আমরা আনন্দিত।

এদিকে দফায় দফায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে ঈশ্বরদীতে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের পর আজ মঙ্গলবার তাপমাত্রা বিরাজমান করছে ৯ ডিগ্রির ঘরে। তীব্র শীতে যখন হতদরিদ্র মানুষগুলোর যবুথবু অবস্থা ঠিক তখনই সিসিডিবি এনজিও সংস্থা শতাধিক হতদরিদ্র শীতার্তদের হাতে তুলে দিলেন নতুন কম্বল।

সিসিডিবি মাইক্রোফাইন্যান্স কর্মসূচি(এমএফপি) এনজিও সংস্থার মুলাডুলি শাখার দায়িত্বরত এলাকা সমন্বয়কারী গৌতম সেন বলেন, সিসিডিবি এনজিও সংস্থার এমন মানবিক কাজ প্রতিষ্ঠালগ্ন থেকে অব্যাহত রয়েছে। করোনা মহামারীর সময়ও সিসিডিবি মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে প্রায় শতাধিক হতদরিদ্র গ্রাহকদের মাঝে নতুন কম্বল বিতরন করা হয়েছে। আশা করি আগামীতেও আমাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কম্বল বিতরনের সময় সিসিডিবির শাখা ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন বলেন, নতুন কম্বল পেয়ে তাদের মুখের এই হাসিটুকু দেখার যে শান্তি তা হয়তো অন্য কোনভাবে পাওয়া সম্ভব নয়। প্রতিবছর আমাদের সিসিডিবির পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান এবং শীতবস্ত্র বিতরণসহ নানারকম মানবিক কর্মসূচির উদ্যােগ নেওয়া হয়। সকলের সহযোগিতা থাকলে এটা হয়তো আরো বড় পরিসরে করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন মুলাডুলির আজাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ সিদ্দিক ফারুক ও নিকরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলফাত্মি সৈকত সহ এনজিও সংস্থাটির অন্যান্যরা।