বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

পশ্চিমবঙ্গে শুভেন্দুর পিএসকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই নিহত চন্দ্রনাথ রথ


ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএস) চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এ হামলার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার গাড়িচালকও।

৭ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ 

পশ্চিমবঙ্গে শুভেন্দুর পিএসকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই নিহত চন্দ্রনাথ রথ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএস) চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার দোহারিয়া সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ রথ গাড়িতে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। পরে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। গুলিতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে মধ্যমগ্রাম চৌমাথা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

চন্দ্রনাথ রথ পেশাগত জীবনে ভারতীয় বিমান বাহিনীর সদস্য ছিলেন। চাকরি থেকে অবসরের পর তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। সাম্প্রতিক সময়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনি প্রচারণাসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।