শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড


পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। অভিযানে পৌর শ্রমিকদলের এক নেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, জব্দ করা হয়েছে ৩০ পিচ ইয়াবা।
কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে আটককৃতদের মধ্যে কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জাকির (৪৪)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। অপরদিকে, দুলাল (৪০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। কুয়াকাটাকে একটি নিরাপদ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

প্রশাসনের এ ধরনের অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।