শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাটে বাস পদ্মায় তলিয়ে গেল: ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত ৪৫


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে নেমেছে ডুবুরি দল ও উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।

২৫ মার্চ ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ 

দৌলতদিয়া ফেরিঘাটে বাস পদ্মায় তলিয়ে গেল: ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত ৪৫
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ নৌ-দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ঘাটে এসে ফেরিতে ওঠার চেষ্টা করছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর পদ্মা নদীতে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই তলিয়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেন। তাদের সহায়তায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাতজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুপুর ২টা ১০ মিনিটে কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে মোট ৫৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে সাতজনকে জীবিত এবং চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও এখনো অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে দৌলতদিয়া ঘাটে অবস্থানরত উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে বাসটি যেখানে পড়েছে সেখানে পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সোহেল রানা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত পানির নিচ থেকে বাসটি শনাক্ত বা উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে দুর্ঘটনার পর নিখোঁজ যাত্রীদের স্বজনরা ঘাট এলাকায় ভিড় করছেন। তাদের আহাজারিতে পুরো এলাকা শোকাবহ পরিবেশে পরিণত হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।