বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
৭ মার্চ ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (৭ মার্চ) সিলেট নগরের মির্জাজাঙ্গাল মণিপুরি রাজবাড়ি এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মন্ত্রী বলেন, প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ। এ সময় ফ্লাইট বাতিল হওয়ার কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, তাদেরও সহায়তা করার আশ্বাস দেন তিনি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে কী উদ্যোগ নেওয়া হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন যৌথভাবে কাজ করছে। তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতে কেউ নিহত হলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করে নিয়মমাফিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, যুদ্ধ পরিস্থিতি চলমান দেশগুলোয় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীন দূতাবাসগুলো নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি নজরদারিতে রেখেছেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য এবং ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া প্রমুখ।