শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া


স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর এই সম্মাননায় মনোনীত করা হয়েছে।

৫ মার্চ ২০২৬, ৭:০০ অপরাহ্ণ 

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামও রয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকারের দেওয়া সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস ২৬ মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে।

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে এ পুরস্কার দেওয়া হয়। ব্যক্তির পাশাপাশি জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকেও এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।