শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে কক্ষে হত্যা, হামলাকারীর আত্মহত্যার চেষ্টা


কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ দপ্তরে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক কর্মচারী। পরে অভিযুক্ত নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটলে ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

৪ মার্চ ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে কক্ষে হত্যা, হামলাকারীর আত্মহত্যার চেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তার নিজ কক্ষে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান। এরপর তিনি নিজেও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বিভাগীয় কক্ষে চিৎকার শুনে সহকর্মী ও শিক্ষার্থীরা ছুটে যান। সেখানে গিয়ে তারা শিক্ষিকা ও অভিযুক্ত কর্মচারীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে। বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত কর্মচারী ফজলুর রহমানের চিকিৎসা চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। সহকর্মী ও শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।