রাজকীয় সমাপ্তি • বিদায়ের ম্যাচে মেসির জাদু, ৩-০ গোলে বেনিনকে হারাল আর্জেন্টিনা
১ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে মিরপুর রোড করিডোরের নিউমার্কেট এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত একটি আধুনিক ফুটওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, নিউমার্কেট এলাকা ৩১টি মার্কেট দ্বারা পরিবেষ্টিত হওয়ায় এটি রাজধানীর অন্যতম জনাকীর্ণ বাণিজ্যিক কেন্দ্র। নতুন ফুটওভার ব্রিজ চালু হওয়ায় পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং সড়কে যানজট ও বিশৃঙ্খলা অনেকাংশে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী শেখ রবিউল আলম জানান, আসন্ন ঈদুল ফিতরের পর সিটি কর্পোরেশন, ব্যবসায়ী ও হকারদের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় পরিকল্পিত ও নিয়মতান্ত্রিকভাবে ফুটপাত দখলমুক্ত করার রূপরেখা নির্ধারণ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, জনস্বার্থে নির্মিত ফুটওভার ব্রিজ কিংবা ফুটপাত কোনোভাবেই অবৈধ হকারদের দখলে যেতে দেওয়া হবে না। শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর সতর্কবার্তা দেন তিনি। পাশাপাশি বিভিন্ন মার্কেটের সামনে ও সড়কে চলাচলে যে প্রতিবন্ধকতা তৈরি হয়, তা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনকল্যাণ ও নাগরিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন। তিনি নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের উদ্দেশে আহ্বান জানান, পবিত্র রমজান মাসে ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে এবং মার্কেট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নাগরিক স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টরা আশা করছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিউমার্কেটসহ রাজধানীর ব্যস্ত এলাকাগুলোতে পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।