শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ–এর শিক্ষার্থী ছিলেন।

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ 

বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের একটি ভাড়া বাসা থেকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মাহমুদা আক্তার ওরফে জেরিনের মরদেহ উদ্ধার করা হয়।

ভাটারা থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জানান, মাহমুদা দীর্ঘ সময় ধরে কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ করে রাখলে পাশের কক্ষে থাকা শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ–এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ সহপাঠীদের বরাত দিয়ে জানান, মাহমুদা মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত মাহমুদার গ্রামের বাড়ি সোনাইমুড়ী উপজেলা, নোয়াখালী জেলা। তার বাবার নাম খোরশেদ আলী।