শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

পিলখানা বিদ্রোহ পুনঃতদন্তে নতুন কমিশন গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী


২০০৯ সালের পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ 

পিলখানা বিদ্রোহ পুনঃতদন্তে নতুন কমিশন গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

২০০৯ সালে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা পুনরায় তদন্ত করতে নতুন কমিশন গঠনের কথা জানিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটার জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি। আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের ইশতেহারেও বিষয়টি রয়েছে। আমরা বিডিআর বিদ্রোহের ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত করবো অথবা একটি কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবো। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈঠক শেষে মন্ত্রী আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর গণহারে হয়রানিমূলক মামলা হয়েছে। যেসব মানুষ এসব মামলায় ভোগান্তিতে পড়েছেন, সেসব মামলা পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করে অযথা হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনা। তিনি ‘মব কালচার’ প্রসঙ্গে বলেন, “বাংলাদেশে মব কালচার শেষ। কোথাও এমন কিছু হলে আমরা কঠোরভাবে ব্যবস্থা নেবো। মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের দিন শেষ। বৈধ উপায়ে স্মারকলিপি, মিছিল, সমাবেশ কিংবা আদালতের মাধ্যমে দাবি উত্থাপন করতে হবে।”

তিনি জানান, রাজনৈতিক কারণে বিধির বাইরে কাউকে প্রোটোকল না দেওয়ার জন্য পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ২ হাজার ৭০১টি শূন্য পদে কনস্টেবল নিয়োগ এবং অতীতে নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের তথ্য-জালিয়াতি হয়েছে কিনা তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনের আগে লটারির মাধ্যমে ওসিদের বদলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন থেকে যোগ্যতা ও দক্ষতা বিবেচনায় বদলি করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ প্রক্রিয়া স্বচ্ছ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের কাজে কেউ অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না- এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে তারা ক্ষমতার অপব্যবহার করতে না পারে।

বিগত সরকারের সময় দেওয়া অস্ত্রের লাইসেন্স পুনরায় ভেরিফিকেশন ও যাচাই-বাছাই করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।