বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

এনসিপিতে যোগ দিচ্ছি না, অবস্থানে অটল থাকব: মাহফুজ আলম


নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে ফেসবুকে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিংবা জামায়াত-এনসিপি জোটের অংশ হচ্ছেন না। রোববার (২৮ ডিসেম্বর) রাতে দেওয়া ওই পোস্টে তিনি বিকল্প ও মধ্যপন্থি তরুণ/জুলাই শক্তির উত্থান এখনো সম্ভব বলে মন্তব্য করেন।

২৮ ডিসেম্বর ২০২৫, ৯:০০ অপরাহ্ণ 

এনসিপিতে যোগ দিচ্ছি না, অবস্থানে অটল থাকব: মাহফুজ আলম
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে ফেসবুকে একটি পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে দেওয়া পোস্টে তিনি লেখেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে তাঁর জুলাইয়ের সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর তিনি প্রয়োজন অনুযায়ী তাদের পরামর্শ, নির্দেশনা ও নীতিগত সহযোগিতা দিয়েছেন।

মাহফুজ আলম লেখেন, ‘আমার অবস্থান স্পষ্ট। নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকন্সিলিয়েশন ও দায়-দরদের সমাজ গঠনের কথা আমি সবসময় বলেছি। যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার উচ্চারণ করেছেন। কিন্তু, তারা সেগুলো আদৌ ধারণ করেছেন কি না—সেটাই প্রশ্ন।’

তিনি আরও উল্লেখ করেন, এনসিপিকে একটি বৃহৎ জুলাই আম্ব্রেলা হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করেছিলেন। তবে নানা কারণে তা সম্ভব হয়নি বলে জানান।

পোস্টে তিনি বলেন, ‘বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব অটুট থাকবে। তবে আমি এনসিপির অংশ হচ্ছি না।’ একই সঙ্গে তিনি দাবি করেন, তাঁকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি- এমন কথা সত্য নয়। তবে ঢাকার কোনো একটি আসনে ওই জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।

মাহফুজ আলম বলেন, ইতিহাসের এই পর্বে বাংলাদেশ এক ধরনের শীতল যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছে। এ অবস্থায় কোনো পক্ষ না নিয়ে নিজের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয় বলে তিনি মনে করেন।

তিনি আরও লেখেন, বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং গত দেড় বছরে তিনি যে কথা বলেছেন এবং যে নীতিতে বিশ্বাস রেখেছেন, তা রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক- সব ক্ষেত্রেই অব্যাহত রাখবেন।

সবশেষে মাহফুজ আলম বলেন, ‘নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব। বিকল্প ও মধ্যপন্থি তরুণ/জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।’