শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে ত্রয়োদশ নির্বাচন ও গণভোটের প্রচারণা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধের বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে।

৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে ত্রয়োদশ নির্বাচন ও গণভোটের প্রচারণা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণকারী প্রার্থীদের সব ধরনের নির্বাচনি প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে এ প্রচারণা বন্ধ করতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের পর রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকবে।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের নির্বাচন বাতিল করায় এবার ৩০০টির পরিবর্তে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

ইসি সচিবালয় সূত্রে জানা যায়, দেশের ৪৯টি জেলায় ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি জেলাগুলোতে রোববারের মধ্যেই ব্যালট পেপার পৌঁছে যাবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে- ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে- ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। এ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন। এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে থাকবে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। আসনভিত্তিক হিসাবে ঢাকা-১২ আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর পিরোজপুর-১ আসনে সবচেয়ে কম মাত্র ২ জন প্রার্থী মাঠে রয়েছেন।

নির্বাচনি দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।  এদিকে নির্বাচনে পর্যবেক্ষণ কার্যক্রমে ৮১টি দেশীয় নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয় পর্যায়ে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক পর্যবেক্ষণ করবেন।

এছাড়া প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক এবারের নির্বাচনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।