শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নির্বাচনে পক্ষপাতিত্ব বরদাস্ত নয়, কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি ইসি সানাউল্লাহর


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচনে সামান্য পক্ষপাতিত্বও বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

২৭ জানুয়ারী ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ 

নির্বাচনে পক্ষপাতিত্ব বরদাস্ত নয়, কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি ইসি সানাউল্লাহর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনে পক্ষপাতিত্বের এক চুল পরিমাণ বিচ্যুতিও সহ্য করা হবে না। কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, অতীতে স্বচ্ছতা ও নিরপেক্ষতার অভাবে অনেক প্রতিষ্ঠান তাদের ভাবমূর্তি হারিয়েছে। বর্তমান নির্বাচন কমিশন সেই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না। তিনি আশ্বস্ত করে বলেন, কমিশন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পক্ষপাতমূলক নির্দেশনা দেওয়া হবে না। তবে কেউ যদি ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে দায়িত্ব পালনে অবহেলা করেন, তাহলে কমিশন তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এবারের নির্বাচনকে বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় চ্যালেঞ্জ। তথ্য-প্রযুক্তির এই যুগে এটিই প্রথম বড় নির্বাচন এবং একই সঙ্গে এবারই প্রথম কার্যকরভাবে পোস্টাল ব্যালট পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে।

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ‘খরার পর বৃষ্টির মতো’ উল্লেখ করে তিনি বলেন, অতীতের তুলনায় এবার প্রার্থীদের মধ্যে আচরণবিধি মেনে চলার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথকে আরও সহজ করেছে।

ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। এ ছাড়া সভায় সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।