শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে নিবন্ধন ১১ লাখ ছাড়াল


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১১ লাখ ২৫ হাজার ২৬৩ জন ভোটার নিবন্ধন করেছেন। ভোটারদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

৩১ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ 

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে নিবন্ধন ১১ লাখ ছাড়াল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধনে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত মোট ১১ লাখ ২৫ হাজার ২৬৩ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৮০ হাজার ৪২৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৪৪ হাজার ৮৩৭ জন। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর নিবন্ধনের শেষ দিন নির্ধারিত থাকলেও প্রবাসী ও দেশের অভ্যন্তরের ভোটারদের বিশেষ অনুরোধে সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।

প্রবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। দেশটি থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৯৭ হাজার ১২ জন ভোটার। এরপর কাতার থেকে ৬৮ হাজার ৬৬৮ জন, মালয়েশিয়া থেকে ৬৩ হাজার ৮৩ জন, ওমান থেকে ৫০ হাজার ৩৯ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩১ হাজার ৫৫৫ জন ভোটার নিবন্ধন করেছেন। ১৮ নভেম্বর থেকে চালু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বর্তমানে বিশ্বের ১৪৮টি দেশের প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৪ লাখ ৭১ হাজার ৭৮৪ জন ভোটার। জেলাভিত্তিক পরিসংখ্যানে কুমিল্লা শীর্ষে রয়েছে, যেখানে নিবন্ধন করেছেন ৮৮ হাজার ৬৮২ জন। এরপর ঢাকায় ৮২ হাজার ১৮৫ জন এবং চট্টগ্রামে ৭৫ হাজার ৫৮৯ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। আসনভিত্তিক হিসাবে ফেনী-৩ আসনে সর্বোচ্চ ১৪ হাজার ১৩৯ জন ভোটার নিবন্ধন করেছেন। এর পরেই রয়েছে চট্টগ্রাম-১৫ আসন (১১ হাজার ৫৮৯) ও নোয়াখালী-১ আসন (১১ হাজার ৪৭৬)।

এদিকে প্রবাসী ভোটারদের ব্যালট প্রেরণ কার্যক্রমও শুরু হয়েছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, গত ১২ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ৪৫ হাজার ৭২৫ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে এক দিনেই পাঠানো হয়েছে ২৭ হাজার ৪৪২টি ব্যালট।

নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট দেশের বৈধ মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন।