শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ, শনিবার সংসদ ভবন এলাকায় জানাজা


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৮৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

১৯ ডিসেম্বর ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ 

ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ, শনিবার সংসদ ভবন এলাকায় জানাজা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৮৫ সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা আগামী শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। গুলি মাথা ভেদ করে বেরিয়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ নামে একজনকে শনাক্ত করা হয়েছে। তার সহযোগী হিসেবে মোটরসাইকেল চালক আলমগীর শেখের নাম উঠে এসেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলার পর তারা দুজনই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র‍্যাব ১৪ জনকে আটক ও গ্রেপ্তার করেছে।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ ও কর্মসূচি পালিত হচ্ছে।