শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ করতে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

১৭ ডিসেম্বর ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ 

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ নির্দেশনা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের তারিখের আগেই সব ভোটকেন্দ্র ভোটারদের চলাচলের উপযোগী করে প্রস্তুত করতে হবে। প্রয়োজনে ভোটকেন্দ্রের অবকাঠামো সংস্কার নিশ্চিত করতে হবে। যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থাও নিতে হবে।এছাড়া ভোটকেন্দ্রে আগে থেকে থাকা সিসিটিভি সংযোগ অবশ্যই সচল রাখতে হবে। যেসব কেন্দ্রে সিসিটিভি নেই, সেসব কেন্দ্রের পরিচালনা পর্ষদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অন্তত ভোটের দিনের জন্য সিসিটিভি সংযোগ স্থাপনের ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী অফিসারদের ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন করতে হবে। একই সঙ্গে প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব ভোটকেন্দ্র সাইক্লোন সেন্টারে অবস্থিত, সেখানে এসব ভোটারের জন্য বাড়তি সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে।উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।