শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা ব্যর্থ হবে: নির্বাচন কমিশন


নির্বাচন বানচাল বা ক্ষতিগ্রস্ত করার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে।

১৪ ডিসেম্বর ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ 

নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা ব্যর্থ হবে: নির্বাচন কমিশন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচন বানচাল বা ক্ষতিগ্রস্ত করার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে কমিশন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, “যারা এই নির্বাচনকে বানচাল করতে চাইবে, তারা ব্যর্থ হবে। যেখানে প্রয়োজন হবে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ় অবস্থানে থাকবে। নির্বাচন কমিশনের বার্তা একেবারে পরিষ্কার।”

ইসি কমিশনার আরও বলেন, “নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যেসব চেষ্টা চলছে, সে বিষয়ে নির্বাচন কমিশন ও সরকার অবগত রয়েছে।”আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সাম্প্রতিক কিছু ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনার কথা উল্লেখ করেন। তবে তিনি জানান, এ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়নি।

তিনি বলেন, “কিছু অভ্যন্তরীণ বিষয় আছে, যেগুলো নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। সেসব বিষয়ে আমরা অবহিত রয়েছি।”এছাড়া ইসি কমিশনার জানান, দুটি উপজেলায় নির্বাচন অফিসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি চোরাগোপ্তা হামলার আশঙ্কার বিষয়েও নির্বাচন কমিশন সতর্ক রয়েছে।

তিনি বলেন, “এসব ধরনের নাশকতা ও হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”নির্বাচন কমিশন দৃঢ়ভাবে জানায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।