শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জাল ডোমেইন থেকে সতর্ক থাকার আহ্বান


বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের আইনসংগত অভিবাসন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ (mygov.bd) প্ল্যাটফর্মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল সনদ সেবা চালু রয়েছে। তবে এ সেবাকে কেন্দ্র করে জাল ডোমেইনের মাধ্যমে প্রতারণার চেষ্টা চলায় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার।

১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ 

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জাল ডোমেইন থেকে সতর্ক থাকার আহ্বান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য আইনসংগত অভিবাসন প্রক্রিয়া সহজীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ (https://www.mygov.bd) প্ল্যাটফর্মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল সনদ প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশগামী নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও বিভিন্ন ধরনের সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল সেবার ফলে ব্যাপকভাবে সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হচ্ছে।তথ্য অনুযায়ী, গত ১১ মাসে প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে, যা এই সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, একটি অসাধু চক্র ‘অ্যাপোস্টিল সনদ’ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। এ চক্র সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ একাধিক জাল ডোমেইন ব্যবহার করে সেবার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে।এরই মধ্যে দুটি জাল সার্টিফিকেট সম্বলিত ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে, যার লিংক হলো- 
https://apostillemygovbd.news/.application-details/.7020251029 এবং https://apostille-mygovbd.com/

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ধরনের জাল ডোমেইন বন্ধ ও জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গত আগস্ট মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে পত্র দেওয়া হয়। এর ফলে https://apostile.mygov-bd.com/ এবং https://apostiller-bd.com/ নামের দুটি জাল ডোমেইন বন্ধ করা হয়েছে। পাশাপাশি জালিয়াতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং অন্যান্য জাল ডোমেইন দ্রুত বন্ধে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

সরকারি পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এসব প্রতারণামূলক তৎপরতা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত পাবলিক ডকুমেন্টের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং নাগরিকদের আইনসংগত অভিবাসন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে।এ কারণে মাইগভের মূল ওয়েবসাইট (https://www.mygov.bd/) ছাড়া অন্য কোনো সন্দেহজনক লিংক বা ওয়েবসাইটে প্রবেশ কিংবা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সবার প্রতি আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।