শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার


জাতিকে একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার এগিয়ে চলছে।

৮ ডিসেম্বর ২০২৫, ৯:১১ পূর্বাহ্ণ 

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এছাড়া বৈঠকে যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সিইসি নাসির উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি জানান, নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সুন্দরভাবে এগিয়ে চলছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ও গণভোট একযোগে আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত।

ইসির প্রস্তুতিকালে সরকারের সার্বিক সহযোগিতা পাওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্যান্য কমিশনাররা। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতার বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

সিইসি বলেন, ইতোমধ্যে নাগরিকরা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ শুরু করেছেন, যা দেশে ইতিবাচক নির্বাচনী পরিবেশ সৃষ্টি করছে।

বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, “জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।”
প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, “জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার প্রত‍্যয়ে এগিয়ে চলছি।”