শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাতনামা ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ


জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা ১১৪ জন শহীদের পরিচয় শনাক্তে আজ রোববার রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন শুরু করবে সিআইডি। ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হবে।

৭ ডিসেম্বর ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ণ 

জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাতনামা ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে আজ রোববার তাদের মরদেহ উত্তোলন করা হচ্ছে। রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহগুলো তোলার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিআইডি) ডিএনএ নমুনা সংগ্রহ করবে।

শনিবার সিআইডির প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাহ গণমাধ্যমকে জানান, রোববার সকাল থেকেই সিআইডির দল কাজ শুরু করবে। মরদেহগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ এবং পরবর্তী সময়ে যথাযথ প্রক্রিয়ায় পুনরায় দাফন করা হবে।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরদেহ উত্তোলন শুরুর আগে রায়েরবাজার স্মৃতিসৌধ-সংলগ্ন কবরস্থানে ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ। সেখানে ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালট্যান্টও উপস্থিত থাকবেন।

জানা গেছে, যেখানে শহীদদের দাফন করা হয়েছে, সেই স্থানটি সিটি করপোরেশন মার্বেল পাথর ও টাইলস দিয়ে বিশেষভাবে সুরক্ষিত করে রেখেছে। দীর্ঘদিন ধরে প্রস্তুতির অংশ হিসেবে সিআইডির ক্রাইম সিন ইউনিটও নিয়মিত সেখানে পরিদর্শন করেছে।

এ ছাড়া কবরস্থান এলাকায় মরদেহ উত্তোলন ও পরীক্ষণ কার্যক্রম নির্বিঘ্ন করতে তাঁবু স্থাপন করা হয়েছে। গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। বিষয়টি আদালতে আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলাম।

অজ্ঞাতনামা শহীদদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষাকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে সিআইডি, যা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের নৃশংস ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।