শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

লুট হওয়া অস্ত্র উদ্ধারে কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারি অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে।

৫ ডিসেম্বর ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ 

লুট হওয়া অস্ত্র উদ্ধারে কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভারি অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি জানান, জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, ‘আইনটি জনগণের কল্যাণে। সংশ্লিষ্ট বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তারা জানাতে পারে।’ তবে বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলায় সারাদেশে ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ উপলক্ষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ জনকে সম্মাননা প্রদান করা হয়।

তিনি আরও আশা প্রকাশ করেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে ভলান্টিয়াররা ফায়ার সার্ভিসের পাশে থাকবেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোন্দা বক্স চৌধুরী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জায়েদ কামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।