শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত কমনওয়েলথ


১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত রয়েছে কমনওয়েলথ। রোববার নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

২৩ নভেম্বর ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ 

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত কমনওয়েলথ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইসি সচিব জানান, ৫৬টি সদস্য দেশের সংগঠন হিসেবে কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচনী প্রক্রিয়ায় সর্বাত্মক সহায়তা করতে আগ্রহী। তারা পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে, যদিও কতজন পর্যবেক্ষক আসবে বা কবে থেকে তারা মাঠে নামবে—তা এখনো নির্ধারিত হয়নি।

তিনি বলেন, বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, বিদেশে ভোট প্রদান–ব্যবস্থা (ওসিভি), দেশে পোস্টাল ভোট (আইসিপিভি), গণভোটসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের বিষয়েও আলোচনা হয় এবং ইসি তাদের স্বাগত জানায়।

আখতার আহমেদ জানান, “কমনওয়েলথ জানতে চেয়েছে—আমরা কী ধরনের সহযোগিতা চাই। আমরা বলেছি, অভ্যন্তরীণ আলোচনা শেষে প্রয়োজনীয় ক্ষেত্রগুলো নির্ধারণ করা হবে।”

বৈঠকের শেষাংশে কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতির ওপর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশ শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করবে।

ইসি সচিব বলেন, ভোটের জন্য প্রয়োজনীয় সব নির্বাচন সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো ওসিভি চালু হচ্ছে—যা জেনে মহাসচিব সন্তোষ প্রকাশ করেন এবং এর সফলতা কামনা করেন। পাশাপাশি দেশে প্রায় ১০ লাখ কর্মরত ভোটারের জন্য আইসিপিভির সুবিধা চালু হওয়াকেও তিনি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখেছেন।

গণভোটের বিষয়ে মহাসচিব বলেন, একই দিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য বাড়তি দায়িত্ব হলেও ইসির প্রস্তুতি দেখে তিনি আশাবাদী।