শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

১১তম গ্রেডে বেতনের আশ্বাসে আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের


সরকারি প্রাথমিক শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন।অর্থ মন্ত্রণালয় ১১তম গ্রেডে বেতনের আশ্বাস দিয়েছে।অবশেষে তারা আন্দোলন স্থগিত করে মঙ্গলবার থেকে ক্লাসে ফিরছেন।

১০ নভেম্বর ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ 

১১তম গ্রেডে বেতনের আশ্বাসে আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতনের আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি।

তিনি বলেন, “আমাদের একাদশ গ্রেডে বেতন দেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এটি কেবল আশ্বাস নয়, লিখিত নিশ্চয়তা। তাই আমরা আগামীকাল (মঙ্গলবার) থেকে সব কর্মসূচি প্রত্যাহার করছি। শহীদ মিনারে গিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। আগামীকাল থেকেই আমরা ক্লাসে ফিরে যাবো।”

গত কয়েকদিন ধরে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন। তাদের প্রধান দাবি ছিল, সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করা। তবে সরকারের পক্ষ থেকে ১১তম গ্রেডে উন্নীত করার আশ্বাসের পর আপাতত আন্দোলন থেকে সরে দাঁড়ালেন তারা।