শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী


বন্যাকবলিত মানুষের পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা ও বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায়ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

১৭ জুলাই ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ 

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গার মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলসংলগ্ন এলাকা এবং হাদী পাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি প্রায় ৪০ হাজার মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাও করা হয়েছে।তিনি জানান, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা পৌঁছে দেওয়া হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ত্রাণ কার্যক্রমের পরপরই পুনর্বাসনের কাজ শুরু হবে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের উৎপাদনে ফিরিয়ে আনতে সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করা হবে, যাতে তারা দ্রুত চাষাবাদ শুরু করতে পারেন।

তিনি আরও বলেন, বন্যার পর সম্ভাব্য রোগব্যাধি ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। পর্যাপ্ত ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো সংক্রমণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

অর্থমন্ত্রী বলেন, পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও কার্যক্রম অব্যাহত থাকবে।পরে পতেঙ্গায় ত্রাণ বিতরণ শেষে তিনি চট্টগ্রামের চন্দনাইশ-দোহাজারী ও সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হন।