শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়


দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪০ অপরাহ্ণ 

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যও আমাদেরকেই কাজ করতে হবে।” তিনি কর্মকর্তা-কর্মচারীদের সরকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার তখনই সফল হবে, যখন প্রশাসনের সবাই আন্তরিকভাবে সহযোগিতা করবে।

স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ নির্বাচনী ইশতেহারে উল্লিখিত সব এজেন্ডা বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের একটি ইশতেহার থাকে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশতেহার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করাই এখন প্রধান দায়িত্ব।

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণ যেন নিরাপদ বোধ করে- এটি নিশ্চিত করতে হবে। “আমরা সবাই একসঙ্গে কাজ করলে অবশ্যই এ লক্ষ্য অর্জন সম্ভব,” যোগ করেন তিনি।

দেশ থেকে দুর্নীতি দূর করতে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন তিনি। জাতিকে একটি সুশৃঙ্খল ও কার্যকর প্রশাসনিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্বশীল আচরণের ওপর জোর দেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।