মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

গাজা সংকট নিরসনে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে ৮ মুসলিম দেশ


গাজা সংকটের সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ সৌদি আরবসহ আটটি মুসলিম দেশ যোগ দিতে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

২২ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ 

গাজা সংকট নিরসনে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে ৮ মুসলিম দেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গাজা সংকট নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মত হয়েছে সৌদি আরবসহ আটটি মুসলিম দেশ। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান, তারা নিজ নিজ দেশের আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ‘বোর্ড অব পিস’-এ যোগদানের নথিতে স্বাক্ষর করবেন। এর আগে মিসর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত এ উদ্যোগে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছিল।

যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় শান্তি প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব নম্বর ২৮০৩-এর আওতায় গৃহীত গাজা সংঘাত অবসানের সামগ্রিক পরিকল্পনা অনুযায়ী ‘বোর্ড অব পিস’-এর ম্যান্ডেট বাস্তবায়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রস্তাবিত এই বোর্ড একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কাঠামো হিসেবে কাজ করবে। এর প্রধান লক্ষ্য হবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা সমন্বয় করা এবং আন্তর্জাতিক আইনের আলোকে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে ভিত্তি করে ন্যায্য ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করা।

পর্যবেক্ষকরা মনে করছেন, একাধিক প্রভাবশালী মুসলিম দেশের এই উদ্যোগে যুক্ত হওয়া গাজা সংকট নিরসনে নতুন কূটনৈতিক গতিশীলতা তৈরি করতে পারে।