সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ৫ হাজার, দাবি সরকারি কর্মকর্তার


ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। রোববার (১৮ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

১৯ জানুয়ারী ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ 

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ৫ হাজার, দাবি সরকারি কর্মকর্তার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির একজন কর্মকর্তা। রোববার (১৮ জানুয়ারি) পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে দাবি করেন তিনি।

ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালে ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজেরা নিরীহ ইরানিদের’ ওপর হামলা চালায় এবং হত্যাকাণ্ড সংঘটিত করে। তিনি বলেন, বিক্ষোভের সময় সবচেয়ে বড় সংঘাতের ঘটনাগুলো ঘটেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দিশ অধ্যুষিত এলাকায়। সেখানে প্রাণহানির সংখ্যাও সবচেয়ে বেশি।

অর্থনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে গত ২৮ ডিসেম্বর ইরানে প্রথম বিক্ষোভ শুরু হয়। পরবর্তী সময়ে এই আন্দোলন সরকার পতনের দাবিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ৮ জানুয়ারি দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার এবং মাঠে নামানো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে ইন্টারনেট বন্ধ থাকায় ওই সময় হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

রোববার রয়টার্সকে দেওয়া বক্তব্যে ইরানের ওই কর্মকর্তা বলেন, নিহতের চূড়ান্ত সংখ্যা ৫ হাজারের খুব বেশি হবে না বলে তারা আশা করছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরাইল ও বিভিন্ন বিদেশি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বিক্ষোভকারীদের সহায়তা করেছে এবং তাদের অস্ত্র সরবরাহ করেছে। এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তার দেশের বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল দায়ী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশি অপরাধীদের কোনোভাবেই বিনা শাস্তিতে পার পেতে দেওয়া হবে না।

ইরানি কর্মকর্তার দেওয়া এই তথ্যের আগে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বিক্ষোভ ঘিরে হতাহতের একটি হালনাগাদ হিসাব প্রকাশ করে। সংস্থাটি জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ এখন পর্যন্ত ৩ হাজার ৩০৮ জনের মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত করতে পেরেছে। পাশাপাশি আরও ৪ হাজার ৩৮২ জনের মৃত্যুর তথ্য যাচাই করা হচ্ছে।