এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১৫ জানুয়ারী ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
বিশ্বব্যাপী পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স–২০২৬-এ পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। নতুন সূচকে বাংলাদেশের অবস্থান ৯৫ নম্বরে, যেখানে আগের বছর দেশটির অবস্থান ছিল ১০০।
হেনলি সূচকের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তালিকায় বাংলাদেশি নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণসুবিধা আগের তুলনায় কিছুটা বেড়েছে। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া, ভিসা অন-অ্যারাইভাল অথবা ই-ভিসার মাধ্যমে মোট ৩৭টি দেশ ও অঞ্চলে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
চলতি বছরের সূচকে শীর্ষ তিনটি অবস্থানই দখল করেছে এশিয়ার দেশগুলো। তালিকায় এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসামুক্ত প্রবেশ করতে পারেন। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান।
একই স্কোর পাওয়া দেশগুলোকে একই অবস্থানে রাখার নিয়ম অনুযায়ী, ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে, যাদের ভিসামুক্ত প্রবেশাধিকার ১৮৬টি দেশে। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে, যাদের স্কোর ১৮৫। পঞ্চম স্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)- স্কোর ১৮৪।
হেনলি সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা যেসব দেশে ভ্রমণের সুবিধা পাচ্ছেন, তার মধ্যে রয়েছে বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ, কোমোরো, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার ও মালদ্বীপ। এ ছাড়া তালিকায় রয়েছে মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতু। তবে এসব দেশের মধ্যে কিছু দেশে সরাসরি ভিসামুক্ত প্রবেশাধিকার থাকলেও, কিছু দেশে বিমানবন্দরে পৌঁছে ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) নিতে হয়। আবার কয়েকটি দেশের ক্ষেত্রে আগাম ই-ভিসা আবেদন করার শর্ত রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান উন্নত হওয়া ইতিবাচক ইঙ্গিত হলেও আন্তর্জাতিক ভ্রমণসুবিধা আরও বাড়াতে কূটনৈতিক তৎপরতা ও ভিসা উদারীকরণ নীতিতে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।