শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা


পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক ও উন্নত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গত এক বছরে দুই দেশের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

১৪ জানুয়ারী ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ 

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে। গত এক বছরে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে। আরও কিছু বিষয়ে অগ্রগতি হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত সপ্তাহে দুই দফা টেলিফোনে কথা বলার পর চলতি সপ্তাহের রোববার জেদ্দায় সাক্ষাৎ করেন তৌহিদ হোসেন ও ইসহাক দার। এদিকে, প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে জি-টু-জি ভিত্তিতে সামরিক ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। সব ক্ষেত্রেই কৌশলগত ভারসাম্য বজায় রাখা হবে। দেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো জরুরি। বিশেষ করে বিমান বাহিনীর অনেক উড়োজাহাজ পুরোনো এবং কিছু সার্ভিসযোগ্য নয়। তাই ন্যূনতম প্রয়োজন অনুযায়ী নতুন সরঞ্জাম সংগ্রহ করতে হবে।

ভারতে বাংলাদেশের তিনটি মিশনে অন-অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের ভিসা পুরোপুরি বন্ধ করা হয়নি। নির্বাচনের সময় নিরাপত্তা ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের পর দেশটির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, কূটনৈতিক আপত্তি জানানো হয়েছে। মাঠপর্যায়ের বিষয়গুলো নিরাপত্তা উপদেষ্টা ভালোভাবে বলতে পারবেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে তৌহিদ হোসেন বলেন, এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। সমস্যার টেকসই সমাধানে সময় নিয়ে প্রস্তুতি ও কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।