এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১৪ ডিসেম্বর ২০২৫, ৮:২৮ পূর্বাহ্ণ
দক্ষিণ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএন) একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন শান্তিরক্ষী। সেখানে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং সংঘর্ষ চলমান রয়েছে বলে গত রাত ৯টা ৫৬ মিনিটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে।
আইএসপিআর জানায়, সন্ত্রাসীরা অতর্কিতভাবে ইউএন ঘাঁটিতে হামলা চালায়। হামলার ধরন ও ক্ষয়ক্ষতি পর্যালোচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।এদিকে, সুদানের দক্ষিণাঞ্চলীয় কর্ডোফান এলাকায় জাতিসংঘের একটি ভবনে ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতাল সূত্রে হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় সুদানের সরকার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এ হামলা চালিয়েছে।
আবেই এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত টানা প্রথম স্থানে ছিল। এর আগেও বাংলাদেশ কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে অবস্থান করেছে।
১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধের পর সামরিক পর্যবেক্ষক পাঠানোর মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়। গত ৩৭ বছরে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের এক গর্বিত ও নির্ভরযোগ্য অংশীদারে পরিণত হয়েছে। এ সময়ে বিশ্বের ৪৩টি দেশ ও অঞ্চলে ৬৩টি জাতিসংঘ মিশনে সফলভাবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা।এ পর্যন্ত মোট ২ লাখ ৫৫৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেছেন। তাঁদের মধ্যে নারী শান্তিরক্ষী ছিলেন ৩ হাজার ৬৪৫ জন। সেনাবাহিনী থেকে দায়িত্ব পালন করেছেন ১ লাখ ৬২ হাজার ৩৫ জন সদস্য। বর্তমানে জাতিসংঘের ১০টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৫ হাজার ৬১৯ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন, যার মধ্যে প্রায় ৫ হাজারই সেনাবাহিনীর সদস্য।
সম্প্রতি প্রথমবারের মতো কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে, যা শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করেছে।দুঃখজনক হলেও সত্য, শান্তিরক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে শুরু থেকে সুদানসহ বিভিন্ন দেশে এখন পর্যন্ত বাংলাদেশের ১৬৮ জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন। তাঁদের মধ্যে সেনাবাহিনীর ১৩১ জন, নৌবাহিনীর চারজন, বিমানবাহিনীর ছয়জন এবং পুলিশের ২৪ জন সদস্য রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২৭২ জন।
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে দেশের গৌরব ও মর্যাদাকে আরও উচ্চতায় পৌঁছে দিয়েছে।