এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর অওমোরি অঞ্চলে বেশ কয়েকটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (০৮ ডিসেম্বর) গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং হাজারো মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। খবর বিবিসির।
ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি মূল্যায়নের পর পরে তা প্রত্যাহার করা হয়। অওমোরি প্রশাসনের তথ্য মতে, শক্তিশালী কম্পনে প্রায় ২ হাজার ৭০০ বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৫০ কিলোমিটার গভীরে।
প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ক্ষতিগ্রস্তদের সতর্ক করে বলেন, “আবারও ভূমিকম্প হতে পারে। ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র সুরক্ষিত রাখুন এবং প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিন।”
ভূকম্পবিদরা সতর্ক করেছেন, প্রধান ভূমিকম্পের পরবর্তী এক সপ্তাহ জুড়ে শক্তিশালী আফটারশকের ঝুঁকি থাকতে পারে, তাই সবাইকে প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।