শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করছে ভারত


রুশ নাগরিকদের জন্য ৩০ দিনের বিনামূল্যের ই-পর্যটক ভিসা এবং গ্রুপ পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৮ ডিসেম্বর ২০২৫, ৮:১১ অপরাহ্ণ 

৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করছে ভারত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রুশ নাগরিকদের জন্য ৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালুর প্রস্তুতি নিচ্ছে ভারত। শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভারত–রাশিয়া সম্পর্কের গভীরতা ও সাংস্কৃতিক বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “দুই দেশের নাগরিকদের মধ্যে সংযোগ সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় রাশিয়ার নাগরিকদের জন্য ভারত ৩০ দিনের ফ্রি ই-পর্যটক ভিসা এবং ৩০ দিনের গ্রুপ পর্যটক ভিসা চালু করবে।”

মোদি জানান, সম্প্রতি রাশিয়ার দুটি নতুন ভারতীয় কনস্যুলেট চালু হয়েছে, যা উভয় দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগকে আরও সহজ ও দ্রুত করবে। তার ভাষায়, “এই কনস্যুলেটগুলো আমাদের কূটনৈতিক উপস্থিতি বাড়াবে। একই সঙ্গে বাণিজ্য, পর্যটন, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষাগত-সাংস্কৃতিক সম্পর্ক আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, এই উদ্যোগ শুধু দুই দেশের জনগণকে আরও ঘনিষ্ঠ করবে না, বরং উভয় দেশের জন্য নতুন সুযোগ ও নতুন সম্ভাবনার দ্বারও খুলে দেবে। কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ছাত্র-গবেষকদের অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ায় ভারত থেকে নিয়ে যাওয়া বুদ্ধের অবশিষ্টাংশের প্রদর্শনী নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, রাশিয়ার কালমাইকিয়ায় প্রদর্শনীটি ব্যাপক সাড়া ফেলেছে এবং হাজারো ভক্ত মঠে এসে এসব অবশিষ্টাংশের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন নরেন্দ্র মোদি।