শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

অবৈধ প্রবাসীদের ফেরাতে সৌদির নতুন ডিজিটাল উদ্যোগ


অবৈধ প্রবাসীদের দেশে ফেরা সহজ করতে সৌদি আরব ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’ চালু করছে। বিমানবন্দর ও সীমান্তে আসছে স্মার্ট ট্র্যাক ও ডিজিটাল টুইনস প্রযুক্তি।নতুন উদ্যোগে ভ্রমণ ও প্রবাসী সেবা হবে সম্পূর্ণ ডিজিটাল ও সহজতর।

৮ নভেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ 

অবৈধ প্রবাসীদের ফেরাতে সৌদির নতুন ডিজিটাল উদ্যোগ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিভিন্ন দেশের অসংখ্য অবৈধ প্রবাসী সৌদি আরবে বসবাস করছেন। তাদের দেশে ফেরা আরও সহজ করতে এবার ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’ নামে একটি আধুনিক অনলাইন ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম ২০২৫-এ এই তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইনেই আবেদন করে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে দীর্ঘদিনের জটিল ও সময়সাপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়ার অবসান ঘটবে বলে জানানো হয়েছে।

স্মার্ট ট্র্যাক ও নতুন প্রযুক্তির ব্যবহার

সৌদি আরবের বিমানবন্দর ও সীমান্তে যাত্রী চলাচলকে আধুনিক করতে চালু হচ্ছে ‘স্মার্ট ট্র্যাক’ ব্যবস্থা। এর মাধ্যমে স্মার্ট ক্যামেরায় পরিচয় যাচাই করে পাসপোর্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই সীমান্ত অতিক্রম করা যাবে।

এছাড়া ‘ডিজিটাল টুইনস’ নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিও চালু করা হবে, যা জনসমাগমের গতিবিধি বিশ্লেষণ, অপেক্ষার সময় নির্ধারণ ও সেবার মান পর্যবেক্ষণ করবে।

সৌদি কর্তৃপক্ষের মতে, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের আগেই ভ্রমণ ও প্রবাসী সেবায় নতুন যুগের সূচনা হবে, যেখানে প্রযুক্তিই হবে সবকিছুর কেন্দ্রবিন্দু।