বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে হঠাৎই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের বিভিন্ন স্থাপনায় যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
তেহরানসহ ইরানের পাঁচটি প্রধান শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হামলায় বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর বাসভবন। এছাড়া মন্ত্রী, সামরিক প্রধানদের বাসভবন, প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়ের স্থাপনাও হামলার আওতায় আসে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের শাজারে তায়্যিবেহ প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ৫১ শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। নিহতদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। হামলার সময় বিদ্যালয়ে প্রায় ১৭০ ছাত্রী উপস্থিত ছিল বলে জানা গেছে।
ইরানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ভিডিও বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় ধরনের যুদ্ধাভিযান’ চালিয়েছে। তিনি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করা হবে।
যৌথ হামলার পরপরই পাল্টা আক্রমণ শুরু করে তেহরান। ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে বলে জানানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, ইরান থেকে ছোড়া অসংখ্য ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় শনাক্ত করা হয়েছে। দেশজুড়ে সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইডিএফ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে, তবে শতভাগ সুরক্ষার নিশ্চয়তা নেই।
ইরান শুধু ইসরায়েলেই নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা শুরু করেছে। কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে কয়েকটি মিসাইল ভূপাতিত করা হয়েছে। কাতারে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।
বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যদিও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিস্ফোরণের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সৌদি আরবের রাজধানী রিয়াদেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।
এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, শত্রু সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক মহল সংঘাত বন্ধে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে বলে আশঙ্কা করা হচ্ছে।