পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম পুনরায় চালু হয়েছে। প্রায় দুই মাস স্থগিত থাকার পর শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া শুরু হয়।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। এর জেরে গত ডিসেম্বর থেকে উভয় দেশই পারস্পরিক ভিসা কার্যক্রম স্থগিত রাখে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র তিন দিনের মাথায় এই অগ্রগতি ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই ঢাকা-দিল্লি সম্পর্কে বরফ গলতে শুরু করে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।
পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমান-কে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ফল ঘোষণার পর বিকেলে টেলিফোনে কথা বলে তাকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশ্বাস দেন।
এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের একটি ইতিবাচক ইঙ্গিত বহন করছে এবং বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।