বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বনানীতে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান


রাজধানীর বনানীতে অসহায় ও পথপ্রাণীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রাণীদের অধিকার রক্ষা ও বিনামূল্যে উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যেই এই বিশেষায়িত ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ 

বনানীতে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর বনানীতে অসহায় ও পথপ্রাণীদের চিকিৎসার লক্ষ্যে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কে-ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে অবস্থিত বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে তিনি এই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রাণীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা এবং অসুস্থ প্রাণীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যেই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি পৃষ্ঠপোষকতায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণী কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। স্থায়ী ক্লিনিক চালুর ফলে চিকিৎসাসেবা আরও সুসংগঠিত ও আধুনিক পদ্ধতিতে দেওয়া সম্ভব হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমান। এছাড়া সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রাণী অধিকার কর্মীরাও এতে অংশ নেন।

ক্লিনিক উদ্বোধনের পর তারেক রহমান বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রাণীদের প্রতি সদয় ও দায়িত্বশীল আচরণ করতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীদের সুরক্ষা অত্যন্ত জরুরি। রাজনৈতিক ও সামাজিক কাজের পাশাপাশি প্রাণিকুলের প্রতি মানবিক দায়িত্ব পালনও সবার কর্তব্য।

উদ্যোক্তারা জানান, ক্লিনিকটিতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জরুরি অস্ত্রোপচার ও টিকাদানের ব্যবস্থা থাকবে। বিশেষ করে সড়কে আহত হওয়া কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীকে উদ্ধার করে এখানে চিকিৎসা দেওয়া হবে। সম্পূর্ণ অলাভজনক এ উদ্যোগটি তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহ ও অর্থায়নে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে ঢাকার বাইরেও জেলা শহরগুলোতে ভ্রাম্যমাণ ক্লিনিক সেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।