মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড গড়তে তারুণ্যের অঙ্গীকার
১৫ মে ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ মাস বয়সি এক শিশুকে হামের টিকার পরিবর্তে ভুল করে জলাতঙ্কের র্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ হাইকোর্ট। আদালত এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেল–এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত ভুক্তভোগী পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, বুধবার (১৩ মে) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে হামের টিকা দেওয়ার কথা থাকলেও ভুলবশত তাকে দুই ডোজ জলাতঙ্কের র্যাবিক্স ভ্যাকসিন দেওয়া হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি প্রকাশ্যে আসে। শিশুর পরিবারের দাবি, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল কাইয়ুম শিশুটিকে টিকা দেন। যদিও ওই দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু।
পরিবারের অভিযোগ, ডা. লুৎফর রহমান আজাদ–এর নির্দেশে পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে টিকা প্রয়োগ করা হয়। ভুল টিকা প্রয়োগের প্রতিবাদ করলে হাসপাতালের কিছু স্বাস্থ্যকর্মী পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অভিভাবক শিশুদের টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে দেশে সম্প্রতি হামের প্রকোপ বেড়ে যাওয়ায় টিকাকেন্দ্রগুলোতে বাড়তি চাপের মধ্যেই এমন ঘটনায় স্বাস্থ্যসেবার মান ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
রিটকারীদের আইনজীবী হুমায়ুন কবির পল্লব জানান, আদালত শিশুটির চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়েও রুল জারি করেছেন। এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।