শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

দ্বিতীয় বিয়ের কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদ, আলাদা থাকার কথা স্বীকার করলেন তাহসান


গত বছরের শুরুতে বিয়ের সুখবর দিয়ে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই দুঃসংবাদ জানালেন তিনি। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে আর একসঙ্গে নেই তাহসান- দু’জনের পথ এখন আলাদা।

১৩ জানুয়ারী ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ 

দ্বিতীয় বিয়ের কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদ, আলাদা থাকার কথা স্বীকার করলেন তাহসান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গত বছরের শুরুতেই বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মাত্র চার মাসের পরিচয়ে ২০২৫ সালের ৪ জানুয়ারি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই সেই সম্পর্ক ভেঙে যাওয়ার খবর সামনে এলো।

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান। তিনি জানান, এ নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা সত্য। তারা বর্তমানে একসঙ্গে থাকছেন না এবং কয়েক মাস ধরেই আলাদা রয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানান এই গায়ক-অভিনেতা।

জানা গেছে, গত জুলাই মাসের শেষ দিক থেকেই আলাদা থাকতে শুরু করেন তাহসান ও রোজা। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অনেকেই প্রশ্ন তুলছেন- কেন দ্বিতীয় বিয়েও টিকল না তাহসানের? এ প্রসঙ্গে তাহসান বলেন, বিচ্ছেদের খবর নিয়ে অতিরিক্ত সংবাদ ও ফোনকল তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। তিনি বলেন, “অনেক সংবাদ হচ্ছে, অনেক ফোন আসছে। এসব থেকে আমি একটু শান্তি চাই।” ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি চর্চা থেকে কিছুটা আড়ালে থাকতে চান বলেও জানান তিনি।

সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তাহসান খান। সংগীত ও অভিনয়- দুই মাধ্যমেই তার সাফল্য চোখে পড়ার মতো। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি হয়ে বড়পর্দায়ও অভিনয় করেছেন তিনি। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিয়ে হয়েছিল তাহসানের। তাদের সংসারে জন্ম নেয় কন্যাসন্তান আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে বিচ্ছেদ হয় মিথিলা ও তাহসানের। দ্বিতীয় বিয়ের ভাঙন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তাহসান আপাতত ব্যক্তিগত জীবন থেকে দূরে থেকে নিজের কাজে মন দিতে চান বলেই জানিয়েছেন।