বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরল পোষা বিড়াল জেবু


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গে আলোচনায় এসেছে তার পোষা বিড়াল জেবুও। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে ঢাকায় আসা একই ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে আনা হয় সাইবেরিয়ান জাতের এই বিড়ালটিকে।

২৫ ডিসেম্বর ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ 

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরল পোষা বিড়াল জেবু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরে তার পোষা বিড়াল জেবু।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, জেবুকে বিশেষ একটি খাঁচায় করে আনা হয়। বিমান অবতরণের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিড়ালটিকে নিরাপদে বিমান থেকে নামানো হয় এবং পরে তারেক রহমানের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

তারেক রহমানের প্রাণীপ্রেম নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যস্ততার ফাঁকে পোষা বিড়ালের সঙ্গে খুনসুটি করার নানা ছবি ও ভিডিও আগেও ভাইরাল হয়েছে। প্রাণীর প্রতি তার এই ভালোবাসা বিভিন্ন সময়ে প্রশংসা কুড়িয়েছে। এদিকে দুপুরে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় ফেসবুক পেজে জেবুর বাক্সবন্দি একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘জেবু দেশে ফিরেছে।’ ছবিতে দেখা যায়, দুই ব্যক্তি জেবুকে বহন করছেন।

উল্লেখ্য, লন্ডন থেকে দেশে ফেরার আগেই তারেক রহমানের বহুল পরিচিত পোষা বিড়াল জেবু সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। জেবুর নামে একটি আলাদা ফেসবুক পেজ চালু করা হয়, যেখানে হালকা-হাস্যকর ও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নানা পোস্ট শেয়ার করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই পেজটি বিড়ালপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

জানা গেছে, জেবু তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের দত্তক নেওয়া লোমশ সাইবেরিয়ান জাতের বিড়াল। ‘জেবু’ নামেই এখন সে পরিচিত। দেশে ফিরে এই বিড়ালটিও যেন তারেক রহমানের প্রত্যাবর্তনের সঙ্গে এক ভিন্ন মাত্রার আলোচনার জন্ম দিয়েছে।