বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
শারীরিক অবনতি •

সংকটাপন্ন অবস্থায় অভিনেতা মামুনুর রশীদ, আইসিইউতে চলছে চিকিৎসা


নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি ও অক্সিজেনের মাত্রা ওঠানামা করায় তাঁকে ল্যাবএইড থেকে স্থানান্তর করা হয়েছে। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন পরিবার, সহকর্মী ও ভক্তরা।

২৬ নভেম্বর ২০২৬, ৫:১১ অপরাহ্ণ 

সংকটাপন্ন অবস্থায় অভিনেতা মামুনুর রশীদ, আইসিইউতে চলছে চিকিৎসা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পারিবারিক সূত্র।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে তাঁকে ল্যাবএইড হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে টানা চার দিন ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা। তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মামুনুর রশীদের শরীরে অক্সিজেনের মাত্রা নিয়মিত ওঠানামা করছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাঁর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা পর্যালোচনায় একটি মেডিক্যাল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চিকিৎসকেরা তাঁর অবস্থা সংকটাপন্ন বলে পরিবারের সদস্যদের জানান। এরপরই তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই রশিদ আমিন।

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মামুনুর রশীদকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসা পরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া এবং রক্তে সংক্রমণ শনাক্ত হয়। সে সময় ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন এই অভিনেতা। সুস্থ হয়ে আবারও অভিনয়জগতে কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু এর মধ্যেই নতুন করে অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে তাঁর পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে।

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব মামুনুর রশীদ পাঁচ দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তাঁর অসংখ্য নাটক ও চরিত্র দর্শকদের কাছে আজও সমানভাবে জনপ্রিয়।