বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
বিতর্কের ঝড় •

শাহরুখকে চুপ থাকতে বলেছিলেন অনন্ত আম্বানি! বিতর্কিত ভিডিও নিয়ে আইনি নোটিশ


শাহরুখ খানকে অনন্ত আম্বানি চুপ থাকার ইঙ্গিত দিয়েছিলেন এমন দাবি ছড়িয়ে পড়ার পর কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মাকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেতার আইনজীবী। বিতর্কিত রিলটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীর দাবি, ভিডিওতে প্রচারিত বক্তব্য বিভ্রান্তিকর ও মানহানিকর।

২৬ নভেম্বর ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ 

শাহরুখকে চুপ থাকতে বলেছিলেন অনন্ত আম্বানি! বিতর্কিত ভিডিও নিয়ে আইনি নোটিশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে অনন্ত আম্বানি চুপ থাকার ইঙ্গিত দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি দাবি ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করে সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ খানের আইনজীবী।

সোমবার (২৩ নভেম্বর) কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মার কাছে এই আইনি নোটিশ পাঠানো হয়।

সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আধ্যাত্মিক গুরু সদ্‌গুরুর সঙ্গে কথা বলছেন অনন্ত আম্বানি। এ সময় তাঁর পাশেই উপস্থিত ছিলেন শাহরুখ খান।

কথোপকথনের একপর্যায়ে অনন্তকে ঠোঁটের সামনে আঙুল তুলে একটি ইঙ্গিত করতে দেখা যায়। তাঁর এই অঙ্গভঙ্গিকে কেন্দ্র করেই শুরু হয় নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের দাবি, অনন্ত ওই ইশারার মাধ্যমে শাহরুখকে চুপ থাকতে বলেছিলেন।

ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ অনন্ত আম্বানির আচরণের সমালোচনা করেন, আবার অনেকে বিষয়টিকে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখেন।

এদিকে ভাইরাল ঘটনাটি নিয়ে সুবিজ্ঞ শর্মা একটি রিল তৈরি করেন। শাহরুখ খানের আইনজীবীর অভিযোগ, ওই ভিডিওতে অভিনেতাকে ঘিরে যেসব বক্তব্য ও দাবি উপস্থাপন করা হয়েছে, সেগুলোর পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। এ ধরনের প্রচারণা শাহরুখের ব্যক্তিগত সম্মান, সামাজিক অবস্থান ও পেশাগত ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।

আইনি নোটিশে সংশ্লিষ্ট রিলটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশনা অমান্য করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।