বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
তারার মেলা •

ঢাকায় একই মঞ্চে জেমস-হাসান, ফিরছে নব্বইয়ের রক উন্মাদনা


নব্বইয়ের দশকের ব্যান্ডসংগীতের আবহ ফিরিয়ে আনতে ১৬ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে "রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন"। এতে একই মঞ্চে গান গাইবেন জেমস ও হাসান। পাশাপাশি পারফর্ম করবে ওয়ারফেজ, অর্থহীন, শূন্যসহ অন্যান্য শিল্পী। টিকিটের মূল্য ৯৯৯ টাকা।

১৪ অক্টোবর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ 

ঢাকায় একই মঞ্চে জেমস-হাসান, ফিরছে নব্বইয়ের রক উন্মাদনা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নব্বইয়ের দশকের ব্যান্ডসংগীতের উন্মাদনা ফিরিয়ে আনতে ঢাকায় বসছে রকসংগীতের বিশেষ আয়োজন। দীর্ঘদিন পর একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন নগর বাউলের জেমস ও আর্কের হাসান। তাঁদের পাশাপাশি আরও কয়েকটি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনায় মুখর হবে কনসার্টের মঞ্চ।

আগামী শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে "রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন" শীর্ষক এই কনসার্ট।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনের ফেসবুক পোস্ট অনুযায়ী, জেমস ও হাসানের পাশাপাশি অনুষ্ঠানে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। ফলে একই আয়োজনে দর্শকেরা উপভোগ করতে পারবেন দেশের রকসংগীতের পরিচিত কয়েকটি ব্যান্ডের পরিবেশনা।

কনসার্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন গিটারিস্ট ওনি হাসান। ওয়ারফেজের সঙ্গে পারফর্ম করার পাশাপাশি একক পরিবেশনাও করবেন তিনি। এ ছাড়া সংগীতশিল্পী একে রাহুলেরও মঞ্চে ওঠার কথা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়েছে।

গত সোমবার (১২ অক্টোবর) টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে আগাম টিকিট বিক্রি শুরু হয়। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।

জেমস ও হাসানসহ একাধিক জনপ্রিয় ব্যান্ডের অংশগ্রহণে কনসার্টটি ঘিরে রকসংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।