বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
বিতর্কের ঝড় •

আপত্তিকর মন্তব্যের অভিযোগে আইনি জটিলতায় হানি সিং


দিল্লির কনসার্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মহারাষ্ট্র সাইবার পুলিশের তলবে হাজির হননি হানি সিং। তিনি আরও সময় চাওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার পাশাপাশি লুক-আউট সার্কুলার জারির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এর আগে তার একটি গান নিয়েও দিল্লি হাইকোর্টে আইনি জটিলতা তৈরি হয়েছিল।

৭ অক্টোবর ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ 

আপত্তিকর মন্তব্যের অভিযোগে আইনি জটিলতায় হানি সিং
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বলিউডের জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হানি সিংকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। দিল্লির একটি কনসার্টে কথিত আপত্তিকর মন্তব্যের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মহারাষ্ট্র সাইবার পুলিশের তলবে সাড়া দিয়ে হাজির হননি তিনি। বরং তদন্তে অংশ নিতে আরও সময় চেয়েছেন। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার পাশাপাশি লুক-আউট সার্কুলার (এলওসি) জারির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার মহারাষ্ট্র সাইবার পুলিশের তদন্ত কর্মকর্তার সামনে হানি সিংয়ের হাজির হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে তিনি উপস্থিত না হয়ে অতিরিক্ত সময় চেয়েছেন।

মহারাষ্ট্র নোডাল সাইবার পুলিশের এক কর্মকর্তা জানান, তদন্তের প্রয়োজনে হানি সিংকে তলব করা হলেও তিনি হাজির হননি। এ অবস্থায় আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি যেন তদন্ত চলাকালে দেশের বাইরে যেতে না পারেন, সে জন্য এলওসি জারির প্রক্রিয়াও শুরু করা হবে বলে জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত দিল্লির একটি কনসার্টকে কেন্দ্র করে। ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হানি সিংয়ের বক্তব্য নিয়ে আপত্তি ওঠে। ভিডিওতে গাড়িতে যৌন সম্পর্ক নিয়ে তার কিছু মন্তব্যকে আপত্তিকর হিসেবে দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে অনলাইনে সমালোচনা শুরু হলে মহারাষ্ট্র সাইবার পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে এবং পরে মামলা হয়।

ঘটনার পর নিজের অবস্থান পরিষ্কার করতে ভিডিও বার্তায় ক্ষমা চান হানি সিং। তার দাবি, বক্তব্যের একটি অংশ সম্পাদনা করে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। কাউকে অপমান বা কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।

হানি সিংয়ের ভাষ্য অনুযায়ী, একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার পর তরুণদের অনিরাপদ যৌন সম্পর্কের ফলে যৌনবাহিত রোগের ঝুঁকি সম্পর্কে সচেতন করাই ছিল তার উদ্দেশ্য। তরুণ প্রজন্মের কাছে বিষয়টি সহজভাবে পৌঁছে দিতে তিনি তাদের পরিচিত ভাষা ব্যবহার করতে চেয়েছিলেন। তবে বিষয়টি উপস্থাপনের ধরন যথাযথ হয়নি বলে স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এই র‍্যাপার।

এর আগেও আইনি কারণে আলোচনায় এসেছিলেন হানি সিং। চলতি বছরের এপ্রিলে তার "ভলিউম ১" গান নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা হয়। গানটিকে অশ্লীল, অশোভন ও নারীদের জন্য অবমাননাকর বলে অভিযোগ তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে এর ইউআরএল সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

এ ঘটনার সূত্রও ২০২৫ সালের মার্চে দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি কনসার্ট। সেখানে হানি সিং ও র‍্যাপার বাদশাহ গানটির কয়েকটি লাইন পরিবেশন করেছিলেন বলে অভিযোগ ওঠে। পরে হিন্দু শক্তি দল আদালতের দ্বারস্থ হয়ে গানটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানায়। সংগঠনটির দাবি ছিল, ২০০৬ সালে প্রকাশিত গানটির বিষয়বস্তু আপত্তিকর এবং অনলাইন প্ল্যাটফর্মে অপ্রাপ্তবয়স্করাও সহজে এটি দেখতে পারে।

পরবর্তীতে মে মাসে দিল্লি হাইকোর্ট হানি সিংকে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। নতুন মামলায় পুলিশের তলবে তার অনুপস্থিতি সেই পুরোনো আইনি বিতর্কের মধ্যেই গায়ককে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।