রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর


চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় জানিয়েছেন সালমান মুক্তাদির।

২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ণ 

চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে একদল ব্যক্তি তার স্টুডিওতে হামলা চালায়। এ সময় স্টুডিওর বিভিন্ন কক্ষের আসবাব ও সরঞ্জাম ভাঙচুর করা হয়। পাশাপাশি বেশ কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

হামলায় স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সালমান মুক্তাদির নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করে হামলার বিষয়টি জানান। সেখানে তিনি স্টুডিওতে হামলা ও ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন।

ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে বিএনপির কর্মীদের উদ্দেশে সালমানকে বলতে শোনা যায়, ‘চাঁদাবাজি করো আর যাই করো, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নাই।’

তবে পুলিশ বলছে, ইসিবি চত্বর এলাকায় আধিপত্য বিস্তার বা অবৈধ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ছুরিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।