বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মায়ার জঞ্জাল

দীর্ঘ ১৯ বছর পর পর্দায় অপি করিম, এবার ‘মায়ার জঞ্জাল’ দেখা যাবে ওটিটিতে


দীর্ঘ ১৯ বছর পর বড় পর্দায় ফিরেছিলেন অপি করিম। এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত "মায়ার জঞ্জাল"। দুই বাংলার যৌথ প্রযোজনার সিনেমাটিতে উঠে এসেছে নগরজীবনের দারিদ্র্য, সম্পর্কের টানাপোড়েন ও টিকে থাকার সংগ্রাম। নানা আন্তর্জাতিক ও দেশীয় পুরস্কারজয়ী সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই।

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ 

দীর্ঘ ১৯ বছর পর পর্দায় অপি করিম, এবার ‘মায়ার জঞ্জাল’ দেখা যাবে ওটিটিতে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দীর্ঘ ১৯ বছর পর "মায়ার জঞ্জাল" সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী অপি করিম। প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্মে আসছে দুই বাংলার যৌথ প্রযোজনার সিনেমাটি। আজ বুধবার রাত ১২টায় চরকিতে মুক্তি পাবে "মায়ার জঞ্জাল"

এটি অপি করিমের দ্বিতীয় সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। "ফড়িং", "একটি বাঙালি ভূতের গপ্পো" ও "ভালোবাসার শহর"–এর মতো কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া এই নির্মাতার সঙ্গে প্রথমবার কাজ করেন অপি করিম। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন বাংলাদেশের জসীম আহমেদ।

মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প—"বিষাক্ত প্রেম" ও "সুবালা" অবলম্বনে নির্মিত হয়েছে "মায়ার জঞ্জাল"। সিনেমায় উঠে এসেছে নগরজীবনের নানা সংকট, সম্পর্কের টানাপোড়েন এবং বেঁচে থাকার কঠিন বাস্তবতা।

দীর্ঘ বিরতির পর সিনেমায় অভিনয়ে ফেরা প্রসঙ্গে অপি করিম জানিয়েছিলেন, পড়াশোনা ও পরবর্তী সময়ে কাজের ব্যস্ততার কারণে নিয়মিত সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি। তবে ইন্দ্রনীল রায় চৌধুরীর আগের কাজগুলো তাঁর ভালো লাগায় এই সিনেমায় যুক্ত হওয়ার আগ্রহ তৈরি হয়। বিশেষ করে "ভালোবাসার শহর"-এ জয়া আহসানের অভিনয় এবং অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর কাজ তাঁকে সিনেমাটিতে আগ্রহী করে তোলে। পাশাপাশি "মায়ার জঞ্জাল"-এর গল্প ও চরিত্রের স্বাভাবিকতাও তাঁকে আকৃষ্ট করে।

সিনেমায় অপি করিম অভিনয় করেছেন "সোমা" চরিত্রে। তাঁর স্বামীর চরিত্র "চন্দন"-এ দেখা গেছে কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষসহ দুই বাংলার আরও কয়েকজন শিল্পী।

"মায়ার জঞ্জাল"-এ পাশাপাশি এগিয়েছে দুটি গল্প। সমাজের প্রান্তিক বাস্তবতায় থাকা সোমা ও চন্দনের জীবনসংগ্রাম, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়েন এবং কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাই সিনেমাটির মূল বিষয়। ভালোবাসা, হতাশা, দারিদ্র্য ও টিকে থাকার লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের জীবনের নানা অপ্রকাশিত দিক তুলে ধরেছেন নির্মাতা।

নিজের চরিত্র "চন্দন" প্রসঙ্গে ঋত্বিক চক্রবর্তী বলেছিলেন, প্রচলিত সিনেমায় এমন চরিত্র খুব বেশি দেখা যায় না। অথচ বাস্তব জীবনে সমাজের একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের নানা সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংকটের সঙ্গে এই চরিত্রের সম্পর্ক রয়েছে। সিনেমাটিতে সেই বাস্তবতাকেই গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে।

অন্যদিকে "সত্য" চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল। তাঁর ভাষ্য অনুযায়ী, "মায়ার জঞ্জাল" তাঁর অভিনয়জীবনের শুরুর দিকের একটি গুরুত্বপূর্ণ কাজ। এই সিনেমায় অভিনয়ের জন্য নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও পেয়েছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি এবার চরকিতে আসায় দর্শকরা ঘরে বসে এটি দেখার সুযোগ পাবেন বলে আনন্দ প্রকাশ করেছেন অভিনেতা।

"মায়ার জঞ্জাল" শুধু ব্যক্তিগত গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শহুরে জীবনের কঠিন বাস্তবতাও। দারিদ্র্য, বেকারত্ব, ভেঙে যাওয়া সম্পর্ক, অর্থনৈতিক সংকট এবং নৈতিক দ্বন্দ্বের মধ্যে কয়েকজন মানুষের টিকে থাকার লড়াইকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প। একপর্যায়ে তাদের জীবন একে অন্যের সঙ্গে জড়িয়ে গিয়ে তৈরি হয় নানা আবেগঘন ও জটিল পরিস্থিতি।

আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি প্রশংসা পেয়েছে। ২০২০ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে "মায়ার জঞ্জাল"-এর প্রিমিয়ার হয় এবং এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে মনোনয়ন পায়। একই বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয় সিনেমাটি।

এরপর ইতালির ২১তম এশিয়াটিকা চলচ্চিত্র উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জুরি পুরস্কার অর্জন করে "মায়ার জঞ্জাল"। কলকাতার আর্টহাউস এশিয়া চলচ্চিত্র উৎসবেও সেরা দক্ষিণ এশীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পায় সিনেমাটি। ২০২২ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করে।

এ ছাড়া ২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সিনেমাটি সাতটি পুরস্কার জয় করে।

দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল "মায়ার জঞ্জাল"। এবার দীর্ঘ অপেক্ষার পর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির মাধ্যমে ঘরে বসেই সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।