ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমল সোনার দাম
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
ভারতীয় র্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি তাদের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই তারকা দম্পতি।
সোমবার (৩১ আগস্ট) রাতে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন বাদশাহ ও ইশা। এর মধ্য দিয়ে গত এক মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে চলা নানা জল্পনারও অবসান হলো। গত মার্চে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন বাদশাহ ও ইশা রিখি। বিচ্ছেদের ঘোষণা দিয়ে দুজনই নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বিবৃতি প্রকাশ করেন।
বিবৃতিতে বাদশাহ বলেন, ‘আমি ও ইশা পারস্পরিক সিদ্ধান্তে আলাদা হওয়ার এবং নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে সবাইকে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো ধরনের জল্পনা বা অনুমান না করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।’
জুলাই থেকেই বাদশাহ ও ইশার সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। ওই মাসে ইশা নিজের ও বাদশাহর একাধিক ছবি ও ভিডিও নিয়ে একটি মন্টাজ প্রকাশ করেছিলেন।
পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘প্রতিটি ঝড়ই একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই একটি আশা।’ এর সঙ্গে ভাঙা হৃদয় ও প্রার্থনার ইমোজিও ব্যবহার করেন তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, তাদের দাম্পত্য জীবনে হয়তো কোনো সমস্যার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ইশার মা পুনম রিখিও ‘কর্মফল’ বা ‘কর্মা’ নিয়ে একাধিক পোস্ট করেন। সেসব পোস্টও নতুন করে আলোচনার জন্ম দেয়। এর আগে গত জুনে ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে বাদশাহর সঙ্গে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন ইশা রিখি।
এদিকে তাদের বিচ্ছেদের ঘোষণা এমন এক সময়ে এলো, যখন গুঞ্জন চলছিল—সালমান খানের উপস্থাপনায় আসন্ন রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর প্রতিযোগীদের একজন হতে পারেন ইশা রিখি। এর আগে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন বাদশাহ। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। সাবেক এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি।